গাড়ির নিচে চাপা পড়া নারীকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনেহিঁচড়ে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরিচ্যুত শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ (৫৫) মারা গেছেন। গতকাল শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাতালে নিয়ে আসা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে কারারক্ষী জুবায়ের হোসেন জানান, মোহাম্মদ আজহার জাফর শাহ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সড়ক দুর্ঘটনাজনিত মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ১৭৭/২৩।-এফএনএস