খন্দকার মাহবুব হোসনের কফিনে বিএনপির শ্রদ্ধা
এফএনএস
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দলের নেতাকর্মীরা। গতকাল রোববার সকালে তার কফিন নিয়ে আসা হয় ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের প্রয়াত রাজনৈতিক সহকর্মীর কফিন দলীয় পতাকায় ঢেকে দেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দল, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকে আমরা অত্যন্ত শোকাহত। আমরা আমাদের একজন প্রিয় নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, যিনি দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, জাতীয়তাবাদী শক্তির পক্ষে এবং বিচারালয়ে তিনি উচ্চতর আদালতে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন। “তার এই মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, এটা পুরণ হওয়ার নয়। আইনজীবীরা তাদের আইনজীবী অভিভাবক হারালো। আমরা জাতীয়তাবাদী আদর্শের একজন নেতাকে হারালাম। আমরা আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন।” খন্দকার মাহবুব হোসনের ছেলে খন্দকার শামীম হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে তার বাবার আত্মার জন্য সকলের দোয়া চান। পরে দলীয় কার্যালয়ের সামনে খন্দকার মাহবুব হোসনের জানাজা হয়।
গত শনিবার রাতে বসুন্ধরার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার মসজিদে এবং মীরপুরের খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দুই দফা তার জানাজা হয়। পরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং মালিবাগ চৌধুরী পাড়ার মাটির মসজিদে তার জানাজা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, আজিমপুর কবরাস্থানে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে দাফন করা হবে।
