সার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্য
শাহানুর রহমান রানা : দেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার। অবশিষ্ট থাকে ১ লাখ ৯০ হাজার টাকা। অথচ বিচ্ছেদের সময় স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার। ২০২২ সালের ৩০ আগস্ট সাবেক স্বামী মাহবুব আলমের সঙ্গে সাবিহার বিবাহবিচ্ছেদ হয়। সেদিনই ৫০ লাখ টাকা নেন তিনি। এফডিআর ভেঙে, ধার-কর্য করে সাবিহাকে এই টাকা দিতে বাধ্য হয়েছিলেন পুলিশ পরিদর্শক মাহবুব আলম। তবে নগদ টাকা নিয়েছিলেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম। এরপর সাইফুল তাঁর নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে টাকা জমা দেন। তারপর সেদিনই সেই টাকা সাবিহার হিসাবে স্থানান্তর করা হয়। সম্প্রতি সাবিহার হিসাবে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। কিন্তু সাবিহা ও সাইফুল এই টাকার উৎস সম্পর্কে কিছু জানাচ্ছিলেন না। অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন সাইফুল ইসলাম। সেখানেই তিনি এই টাকার উৎস স্পষ্ট করেন। বলেন, সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময় ওই অর্থ লেনদেন হয়েছিল। সাইফুল তাঁদের বিবাহবিচ্ছেদের কাগজ দেখিয়ে বলেন, যেদিন বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের নিকাহনামায় দেখা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজি অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান তাঁদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহরের পরিমাণ দুই লাখ টাকা উল্লেখ আছে। এর মধ্যে একটি সোনার নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ আর বাকি রয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু বিবাহবিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা আদায়ের কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। বিবাহবিচ্ছেদের সময় সার্জেন্ট সাবিহাকে অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গেও মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি জানান, প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলবেন না। সময় হলেই সবকিছু জানাবেন।
