আরা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কখনও দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি। যখন আওয়ামী লীগ সরকারে এসেছে তখনই মানুষের জীবনমান উন্নত হয়েছে। আওয়ামী লীগ সরকার নিজেকে জনগণের সেবক মনে করে এবং সেটাই করে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। ২২তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই দলীয় প্রধানের শেষ বৈঠক। প্রদানমন্ত্রী বলেন, বিএনপির আমলে দুর্নীতিই ছিল নীতি। এছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস লুটপাট মিলে দেশে আরেকটি কালো অধ্যায় শুরু হয়। বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতাই ছিল অগণতান্ত্রিক, অবৈধ উপায়ে।
শেখ হাসিনা বলেন, জেনারেলের পকেট থেকেই বিএনপির জন্ম, মাটি ও মানুষ থেকে এদের জন্ম হয়নি। এরা সব সময় মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। ২০০১, ২০০৬ সালে প্রতিবার তারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। সরকারপ্রধান বলেন, ২০০৮ সালে নির্বাচন নিয়ে কারও কোনও অভিযোগ ছিল না। সে সময় বিএনপির সব পছন্দের লোকই ক্ষমতায় থাকার পরও যে দল ৩১টি আসন পায়, সে দল জনগণের ভোটে ক্ষমতায় আসবে- এটা বিএনপির নেতারা কীভাবে মনে করে। তিনি আরও বলেন, যে দলের নেতারা বিদেশে টাকা পাচারের জন্য শাস্তি পাওয়া, গ্রেনেড হামলায় শাস্তি পাওয়া; তারাই আবার টাকা পাচার নিয়ে কথা বলে। যে দলের নেতারা গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান, মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত, জনগণের ভোটে তারা (বিএনপি) ক্ষমতায় যাবে এ স্বপ্ন তারা কীভাবে দেখে। আওয়ামী লীগ সভাপতি বলেন, মুচলেকা দিয়ে দেশ ছেড়ে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা, আর পাচার করা টাকায় দেশের বিরুদ্ধে বদনাম করা তার (তারেক জিয়া) কাজ। দেশের যে টাকা পাচার করে নিয়ে গেছে, এখন সেই টাকাই বিদেশে দেশের বদনাম করতে ষড়যন্ত্র করছে, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, দেশের কিছু বুদ্ধিজীবী প্রতিবন্ধী জামা-কাপড় ইস্ত্রি করে বসেই থাকেন অগণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য। আর যারা কোন উন্নয়ন চোখে দেখে না, তারা বুদ্ধিজীবী প্রতিবন্ধি। তারা যেকোনভাবে আওয়ামী লীগ সরকারকে হটাতে চায়। কারণ অগণতান্ত্রিক সরকার এলে তাদের কদর বাড়ে। তারা অগণতান্ত্রিক সরকারের দ্বারা ব্যবহৃত হয়। তিনি আরও বলেন, যাদের চোখ আছে তারা উন্নয়ন দেখবে, আর বুদ্ধিজীবী প্রতিবন্ধীরা কোনও উন্নয়ন দেখে না। অস্বাভাবিক পরিস্থিতিতে তাদের মূল্য বাড়ে। গণতান্ত্রিক ধারায় দেশ চললে তাদের হতাশা লাগে। নির্বাচিত সরকার হটিয়ে অনির্বাচিত কাউকে ক্ষমতায় আনলে দেশের কোনও ভালো হবে না। তাদের জ্ঞান-বুদ্ধিকে দেশের কল্যাণী কাজে লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা।