২০২৩ সালে ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা

Paris
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

২০২৩ সালে রাজধানী ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলবার্তো ফার্নান্দেজ অভিমত প্রকাশ করেন, ২০২৩ সালেই ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে। ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ের পরপরই দুই দেশের সরকার প্রধানের শুভেচ্ছাবার্তা বিনিময় কূটনৈতিক প্রচেষ্টার ফসল ও দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বজয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছ্বল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত হয়েছেন। রাষ্ট্রপতি আলবার্তো বলেন খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালূ হলে দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের বাণিজ্য-বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সয়াবিন উৎপাদক দেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি সহজতর হবে। সেইসঙ্গে মারকসুরের বাণিজ্য বাজারে বাংলাদেশের প্রবেশ বেগবান হবে বলে আশা করা যাচ্ছে। ঢাকাতে আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের সিদ্বান্তকে স্বাগত জানিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করছে। এরআগে ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমত্রী শেখ হাসিনা। জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris