সহকর্মীর টর্চ লাইটের আঘাতে প্রহরীর মৃত্যু!
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নৈশ প্রহরীর টর্চ লাইটের আঘাতে তার সহকর্মী মো. হোসেনের (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে আড়াইহাজারের উচিৎপুরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আড়াইহাজারের আগুয়ানন্দী এলাকার মৃত মোহাম্মদ হাসিবের ছেলে। স্থানীয়রা জানান, রাতে ডিউটি চলাকালীন নিহত হোসেনের সঙ্গে অন্য নাইটগার্ড আগুয়ানন্দী এলাকার হোসেনের (৫৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তার টর্চ লাইটের আঘাতে মো. হোসেন আহত হয়। পরে তাকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আড়াই হাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা করা হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
