স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে পদ্মার চরে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পদ্মা নদীর পানিতে ঝাঁপ দেয় কামরুল ইসলাম রানা (৪২) নামে এক যুবক। ঘটনার একদিন পরে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর২টার দিকে উপজেলার নবীনগর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। নিহত যুবক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার বিকালে উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসরে অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অনন্ত ২০ থেকে ৩০ জন পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে পদ্মা নদীর পানিতে ঝাঁপ দেয় কয়েক জন যুবক। এর মধ্যে নদীতে সাঁতরিয়ে পার হতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়। পরে মঙ্গলবার দুপুরে নবীননগর এলাকায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করে এনে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, গত সোমবার এবিষয়ে কোন অভিযানে যায়নি পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।