২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আগুন পোহানো নিয়ে নৈশপ্রহরীকে হত্যা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
আগুন পোহানো নিয়ে নৈশপ্রহরীকে হত্যা
বিজ্ঞাপন

এফএনএস : কুমিল্লায় আবুল হাসেম নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে জেলার বরুড়ার নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছেন। নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী ও ওই গ্রামের হাসান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে গতকাল শুক্রবার ভোরে আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করছিলেন।

এ সময় রাইস মিলের সামনে আগুন জ¦ালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা নৈশপ্রহরী আবুল হাসেমের সাথে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত করেন। এতে ওই নৈশপ্রহরীর চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার মুঠোফোনে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন