২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গরম তেলে শিশুর হাত ঝলসে দিলেন বাবুর্চি!

প্রকাশিত: ২ জুন ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গরম তেলে শিশুর হাত ঝলসে দিলেন বাবুর্চি!
বিজ্ঞাপন

এফএনএস :হোটেল থেকে বের হওয়ার সময় মায়ের সামনে গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাত ঝলসে দিয়েছেন বাবুর্চি। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে যশোর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। আহত রাহাত অভয়নগরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা। দগ্ধ রাহাতের খালু নাজমুল হাসান বলেন, তার মা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতের খাবার খেতে ভৈরব হোটেলে যায়। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের মুখে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে রাহাতের অসাবধানতাবশত ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেন বাবুর্চি ইব্রাহিম। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। খবর পেয়ে দ্রুত তাকে ইবনেসিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ঝলসে গেছে। যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, রাহাত নামে এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন