ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
এফএনএস : মেহেরপুরে লেবুগাছের ডাল কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে খলিল বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিহত খলিল বিশ্বাস মেহেরপুরের গাংনীর হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। নিহত খলিলের মেয়ে পারভিনা খাতুন জানান, শনিবার বাড়ির পাশে লেবুগাছের ডাল কাটা নিয়ে ছোট ভাই হবিবর রহমানের সঙ্গে খলিল বিশ্বাসের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে হবিবর তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা খলিল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
