এফএনএস : ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় যারা জড়িত তাদের তথ্য চাওয়া হয়েছে। গতকাল সোমবার পৃথক তিন রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল।
আদালতে এদিন রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।