স্টাফ রিপোর্টার : ছিনতাই করার ৪৮ ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় আব্দুল ওয়াদুদ বুলবুল নামের এই দুর্বৃত্ত। ব্যাগে দামি মোবাইল ও টাকা পয়সা ছিল। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এর সহযোগিতায় শনিবার (২১ মে) রাতে নওদাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল পপুলার হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি। তার পিতার নাম প্রকৌশলী আব্দুল হামিদ। তাদের চারতলা বাড়ি রয়েছে।
এত কিছু থাকার পরও কেবলমাত্র নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের পথ বেছে নেয় বুলবুল বলে স্বীকার করে পুলিশের কাছে। আগেও কয়েকবার ছিনতাই করেছে সে। ছিনতাই কাজটি বুলবুল একাই করত। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে রাজপাড়া থানার মাদ্রাসা মাঠের দক্ষিণ পার্শ্বে পাবলিক লাইব্রেরীর সামনের ড্রেনের ভিতর হতে ছিনতাইকৃত ভ্যানেটি ব্যাগ উদ্ধার হয়। এছাড়াও আসামির বাড়ী হতে ছিনতাইকৃত টাকা উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।