৩১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২৩ বছর আত্মগোপনে থাকা আসামি তানোরের সাত্তার অবশেষে গ্রেফতার

প্রকাশিত: ৮ মে ২০২২, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
২৩ বছর আত্মগোপনে থাকা আসামি তানোরের সাত্তার অবশেষে গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন মো. আবদুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি। নিজ এলাকা ছেড়ে ভারতে গিয়ে গড়েছিলেন স্থায়ী আবাস। তবে শেষ রক্ষা হলো না তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইফতে খায়ের আলম।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীর তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা মো. আবদুস সাত্তার। একসময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল তার। ১৯৯৯ সালের ৯ মার্চ এক ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই ভারতের মুর্শিদাবাদে পালিয়ে যান আবদুস সাত্তার। পরে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী জেলা দায়রা জজ আদালত আসামির অনুপস্থিতিতেই ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলার পর থেকে তাকে পাওয়া না গেলেও লোক মুখে শোনা যায় তিনি ভারতে গিয়ে স্থায়ী বাসিন্দা হয়েছে। তবে কয়েকদিন আগে তিনি চাঁপাইনবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। গোপন সূত্রে এ খবর পেয়ে তানোর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায় তাকে গ্রেপ্তারের জন্য। সেই অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। তিনি আরও বলেন, গতকাল শনিবার সকালে পলাতক আসামি আবদুস সাত্তারকে আদালতে হস্তান্তরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন