২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ব্রাজিলে পরীক্ষায় চীনের টিকা ৫০ ভাগ কার্যকর

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ৮:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
ব্রাজিলে পরীক্ষায় চীনের টিকা ৫০ ভাগ কার্যকর
বিজ্ঞাপন

এফএনএস : ব্রাজিলে চালানো পরীক্ষায় চীনের সিনোভ্যাকের প্রস্তুতকৃত করোনাভাইরাসের টিকা ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার তথ্যটি জানানো হয়েছে। এতে দেখা গেছে, আগের তথ্যের তুলনায় টিকার কার্যকারিতা কম। খবর বিবিসির। সাধারণত ৫০ ভাগের ওপর কার্যকর হলে টিকা ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রাজিলে চালানো পরীক্ষায় সিনোভ্যাকের টিকা সেই নূন্যতম লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ব্রাজিল সরকার পরীক্ষার জন্য করোনার যে দুটি টিকার অনুমোদন দিয়েছে তার মধ্যে চীনের সিনোভ্যাকের টিকা একটি। চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক ‘করোনাভ্যাক’ টিকাটি তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, কোনো ধরনের ঝুঁকি ছাড়াই শরীরের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে এই টিকা সাহায্য করবে। ইন্দোনেশিয়া, তুরস্ক ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ এই টিকা কেনার অনুমোদন দিয়েছে। ব্রাজিলে করোনাভ্যাক টিকা উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ভুটানটান ইনস্টিটিউট। গত সপ্তাহে ওই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল, এই টিকা মৃদু থেকে মারাত্মক করোনা আক্রান্তদের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে শতকরা ৭৮ভাগ কাযর্কর।

কিন্তু মঙ্গলবার পরীক্ষার ফলাফলে এর কার্যকারিতা ৫০ ভাগ দেখা গেছে। তবে ভুটানটান ইনস্টিটিউটের দাবি, মৃদু আক্রান্তদের ক্ষেত্রে এই টিকা ৭৮ দশমিক ৮ ভাগ কার্যকর। এ ছাড়া যারা গুরুতরভাবে আক্রান্ত তাদের ক্ষেত্রে এর কার্যকারিতা শতকরা ১০০ ভাগ কার্যকর। সিনোভ্যাকের টিকায় বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ফল দেখা গেছে।

গত মাসে তুরস্কের গবেষকরা বলেছেন, সিনোভ্যাকের টিকা ৯১ দশমিক ২৬৫ ভাগ কার্যকর, অন্যদিকে বুধবার ইন্দোনেশিয়ায় গণ-ভ্যাকসিন কর্মসূচিতে এই টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৬৫ দশমিক ৩ ভাগ। এখন পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ব্রাজিল অন্যতম। বর্তমানে দেশটিতে আবারো সংক্রমণের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পর দেশটিতে তৃতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ লাখেরও বেশি মানুষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন