বাগমারায় চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় বাদিকে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার : বাগমারায় চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় বাদি ও পরিবারকে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। গত রোববার সোনাডাঙ্গা ইউনিয়নের শিমলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন মামলার বাদি শিমলা গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে কলেজ শিক্ষক সাজ্জাদ হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, শিমলা বাজারে চারটি দোকানঘর পূনঃনির্মাণ করতে গেলে এলাকার চিহ্নিত মামলাবাজ উত্তর ফুলপুর গ্রামের আবুল হোসেন ও জামাল হোসেনের নেতৃত্বে ৮/১০ জন চাঁদাবাজ সন্ত্রাসী বাঁধা দেয় এবং বাজারে ঘর নির্মাণের জন্য সাজ্জাদ হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোডা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে সাজ্জাদ হোসেন ও তাঁর লোকজনকে মাপিট করে এবং নির্মানাধীন দোকানঘর ভেঙ্গে দেয়া হয়। এই ঘটনায় সাজ্জাদ হোসেন বাদি হয়ে জামালসহ আটজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদির উপর চাষ সৃষ্টি করে এবং তাদের চাঁদা না দিলে বাজারে কোন দোকানঘর করতে দেয়া হবে না বলে প্রকাশ্যে বাদি ও তাঁর পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় বাদি ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হলে পুলিশি তদন্তে তার সতত্যা পাওয়ায় ওই দিনই জিডিটি প্রসিকিউশন করে মামলা করা হয়। কিন্তু আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের অব্যাহত হুমকির কারণে বাদি ও পরিবারের লোকজন বর্তমানে চরম আতংকে রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কলেজ শিক্ষক মাহবুবুর রশিদ, শিমলা বাজার কমিটির সভাপতি মোজাহারুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, গোলাম মোস্তফা, সামসুদ্দিন, সাবেক ইউপি সদস্য শহর উদ্দিন, শ্যামল চন্দ্র, ফজলুর রহমান ও আ.লীগ নেতা মহির উদ্দিন মুন্টু প্রমুখ।
