রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্যসহ দুই জন আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আরএমপি ডিবি পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০২ বোতল অ্যালকোহল, ২০১ পিচ ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন-সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক বিক্রয়ের অর্থ-সহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মহানন্দখালী মধ্যপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে মো: তাহেরুল ইসলাম টিটন (৫৫) ও বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর মোঃ বাবলু শেখের ছেলে মো: বাবু (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৫ এপ্রিল রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় হোমিও ঔষধের দোকানে একজন অ্যালকোহল বিক্রয় করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১ টায় ঘটনাস্থল হতে হোমিও ঔষধ দোকানী তাহেরুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০২ বোতল অ্যালকোহল উদ্ধার হয়।
ডিবি পুলিশের অপর একটি টিম গতকাল ১৫ এপ্রিল ২০২২ রাত ১২ টায় রাজপাড়া থানার তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে আসামী মো: বাবুকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ২০১ পিচ ইয়াবা ও ৫১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এসময় মাদক বিক্রয়ের অর্থ-সহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
