১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ টিবিপুকুর গণহত্যা দিবস

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ৪:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আজ টিবিপুকুর গণহত্যা দিবস
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টিবিপুকুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা রাজশাহী নগরীর টিবিপুকুর হাসপাতালে ঢুকে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাক বাহিনী নগরীর বিভিন্ন এলাকায় মুক্তিকামী জনগণের ওপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। ওইদিন টিবি হাসপাতালে গিয়ে কর্মচারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পাক বাহিনীর সদস্যরা। গুলিতে হাসপাতালটির কর্মচারী আব্দুল বারি হাওলাদার, আব্দুল কাইউম ও মো. সেলিম নিহত হন। হত্যাকাণ্ডের পর দুইদিন ধরে মরদেহ হাসপাতালের মেঝেতে পড়ে থাকে।

দুদিন পর শহীদ আব্দুল বারি হাওলাদারের সদস্যরা শিতলাই এলাকায় অবস্থানের পর নগরীতে এসে তিনটি মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর স্বজনরা হাসপাতালের দরজার একটি পর্দার কাপড়ে তিনটি মরদেহ জড়িয়ে টিবি পুকুরের পাশে গণকবর দেন। ১৪ এপ্রিলের গুলিবর্ষণে বহু হতাহত হয়েছিল। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় নি। শহীদ আব্দুল বারি হাওলাদারের সন্তান ফটো সাংবাদিক বুলবুল আহমেদ ২০০৬ সালে তার পিতার গণকবরটিতে স্মৃতিফলক বসানোর ব্যবস্থা করেন।

তখন থেকেই ১৪ এপ্রিল টিবিপুকুর গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এবারও দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালনের ডাক দিয়েছে সংগঠন দুটি। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় টিবি পুকুর গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন