চাঁদাবাজির মামলায় জামিন পেলেন বাগমারা প্রেসক্লাব সভাপতি আলতাফ হোসেন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে চাঁদাবাজির মামলায় জামিন মুঞ্জুর করেছেন আদালত। বুধবার রাজশাহীর জজ কোর্টে বিচারক আলতাফ হোসেন মন্ডলের জামিন মুঞ্জুর করেন। ইতোপূর্বে ওই মামলায় দুইবার জামিনের আবেদন করলেও তার জামিন নামুঞ্জুর করেন আদালত।
জানাগেছে, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা বিগোপাড়া এলাকার ইটভাটার মালিক জনৈক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর আদালতে গত ১৬ ফেব্রুয়ারি ২০২১ সালে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। যার মামলা নং ৭৬২১।
ওই মামলায় গত ২৪ ফেব্রুয়ারি বাগমারা থানা পুলিশ একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল। চাঁদাবাজির ওই মামলায় থেকে প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের দ্রুত জামিন চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিও প্রদান করা হয়েছিল। চাঁদাবাজির ওই মামলায় ১ মাস ১৮ দিন পর তাকে জামিন দেয়া হয়। ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন হলেও জামিন না পাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল।
