বরেন্দ্র অঞ্চলে চলছে পানি সন্ত্রাস : এমপি ফারুক চৌধুরী
প্রেস বিজ্ঞপ্তি : ‘বরেন্দ্র এলাকায় এক রকম পানি সন্ত্রাস চলছে। বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ‘র কার্যক্রমে কোনো জবাবদিহিতা নেই। এদের অনিয়মের বিষয়ে অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায় না। গোদাগাড়ীর নিমঘুটু এলাকার যে ডিপটিউবয়েল অপারেটারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দুইবার অভিযোগ করা হয়েছে। তার পরেও কোনো ব্যবস্থা নেয়া হয় নি। তানোরের দুই ডিপটিউবয়েল অপারেটারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তাদেও অপসারনের জন্য বলা হয়। সেচ মন্ত্রীর নির্দেশ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না বলে জানায় বিএমডিয়ের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ।’
এমনভাবেই নিজে ক্ষোভের কথা জানান রাজশাহী গোদাগাড়ী তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গতকাল কয়েকটি মানবাধিকার সংগঠনের যৌথ তথ্যানুসন্ধানকারী দালের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। গোদাগাড়ীর নিমঘুটু এলাকায় পানি না পেয়ে আত্মঘাতি হওয়া দুই কৃষক অভিনাদ মার্ডি ও রবি মার্ডির বিষয়ে মানবাধিকার সংগঠন এএলআরডি, ব্লাস্ট, বেলা, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস, জাতীয় আদিবাসী ফোরাম, রুলফাও এবং পরিবর্তনের যৌথ তথ্যানুসন্ধাকারী দল গত সম ও মঙ্গলবার গোদাগাড়ীর নিমঘুটু এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিম পরিবার ও তাদের প্রতিবেশিদের সাথে কথা বলেন।
এছাড়া তারা গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, বিএমডিএর সচিব ইকবাল হোসেন এবং রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে সাক্ষাৎ করেন। যৌথ তথ্যানুসন্ধানকারী দলে ছিলেন এএলআরডির সহকারী কর্মসূচি সমন্বয়কারী অ্যাডভোকেট রফিক আহামেদ সিরাজি, কর্মসূচি কর্মকর্তা রফিকুল ইসলাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য অনন্ত ধামাই, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, ব্লাস্ট সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের পক্ষে মজহারুল ইসলাম এবং বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় স্যান্যাল। যৌথ তথ্যানুসন্ধানকারী দল তাদের রিপোর্ট আগামীতে ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবে।
