বাগমারায় বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের সমন্বয় সভা
মচমইল থেকে সংবাদদাতা : বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে এক সভা গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন সংস্থার সেলপ কর্মসূচির রাজশাহীর মহাব্যবস্থাপক আতিকুর রহমান। এসময় উপস্থিত থেকে তথ্য উপস্থাপন করেন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম, ফারহানা রহমান প্রমুখ। সভায় স্থানীয় গণমাধ্যমের কর্মী ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
করোনাকালে উপজেলায় এক হাজার ৭৮৫জন শিশু বাল্যবিয়ের শিকার হয়েছেন বলে তথ্য উপস্থাপন করা হয়েছে। যা জেলায় সর্বোচ্চ। এ থেকে উত্তোরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে ও হ্্রাসকরণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্র্যাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির আইনি অধিকার নিশ্চিতকরণে সদর উপজেলায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।
