১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার অভিযোগে মামলা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার অভিযোগে মামলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নিজামুল ইসলাম খান ওরফে অথেলকে (৬২) মারধর করে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজামুলের ছেলে সাব্বির ইসলাম খান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন।নিহত নিজামুল নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ বেতার শিল্পী সংস্থার রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবা বিশিষ্ট আইনজীবী ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান।

নিজামুলের মৃত্যুর জন্য সাইদুল ইসলাম হ্যাপী (৪৫) নামের প্রতিবেশী এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি পলাতক আছেন। মৃতের স্ত্রী মোসা. হাসনাহেনা জানান, তাঁর ছেলে নাজমুল ইসলাম খান অপূর্বকে (৮) কয়েকদিন আগে মারধর করে প্রতিবেশী হ্যাপীর ছেলে সালমান (৯)। রোববার বিকালে নিজামুল বাড়ির সঙ্গে থাকা তার মুদি দোকানে বসেছিলেন। তখন হ্যাপী সেদিক দিয়ে যাচ্ছিলেন। নিজামুল হ্যাপীকে ডেকে তার ছেলের বিষয়ে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হ্যাপী। একপর্যায়ে হ্যাপী তার স্বামীকে রাস্তায় ফেলে বুকের ওপর চড়ে বসেন এবং মারধর করেন।

এতে তার মৃত্যু হয়। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর নিজামুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় নিজামুলের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেয়রের শোক : রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নিজামুল ইসলাম খান অথেলোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সিটি মেয়র মহোদয়। শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নিজামুল ইসলাম খান অথেল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তাঁর মৃত্যুতে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজহার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন