রাজশাহী নগরীতে ওজনে কম দেয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার : ওজনে কম দেওয়ার কারণে রাজশাহী নগরীর চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রায়াত্ব মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক হোসেন এবং শামসুল ইসলামের নেতৃত্বে চলা এ ভ্রাম্যমাণ আদালতে প্রকিসিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার শরীফ হোসেন, এবং পরিদর্শক (মেট্রোলজি) আবুল কায়েম ও রফিক আজদ।
বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের পরিচালক সেলিম রেজা জানান, ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ওজনে কম দেওয়ায় সাহেববাজার এলাকার উজ্জল ফল ভান্ডার নামের একটি দোকানকে এক হাজার টাকা, খেজুর মহল নামের একটি দোকানকে এক হাজার টাকা, বিশাল কনফেকশনারীকে দুই হাজার টাকা এবং নগরীর হড়গ্রাম এলাকার মিকা সুইটস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআইয়ের এ কর্মকর্তা।
