নগরীতে মসজিদের তার চুরির প্রতিবাদ করায় ইমাম প্রহৃত
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মসজিদের তার চুরির অভিযোগে প্রতিবাদ করেছিলেন ইমাম মুফতি মামুনুর রশিদ (৩৫)। প্রতিবাদ করায় উল্টো চোরের হাতেই মারধরের শিকার হতে হয় তাঁকে। মামুনুর রশিদ চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম হেদায়েতুল আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। এ তথ্য নিশ্চিত করেছেন জামে মসজিদ কমিটির সদস্য জামাল উদ্দিন। তিনি জানান, গতকাল রবিবার সকাল ১০ টার দিকে মসজিদের বিদ্যুতের তার কেটে নিয়ে যায় এলাকার ইমন (১৬), শিশির (১৪) ও আকিবুল (১৮) নামের তিনজন চোর।
চুরি যাওয়া তারগুলি ৮০০ টাকায় বিক্রি করে পাওয়ার হাউস মোড় এলাকার মিজানুর রহমান নামে ভাংড়ি ব্যবসায়ীর কাছে। এলাকাবাসীর অভিযোগ, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভাংড়ির ব্যবসা করে আসছেন। তার অধিকাংশ ভাংড়ির মালামালই আসে সংঘবদ্ধ চোরের নিকট থেকে। এসব সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারীও তিনি। শহরে বিভিন্ন স্থানে চুরি যাওয়া মালামাল কম মুল্যে কেনেন তিনি। এ বিষয়ে ভাংড়ি ব্যবসায়ী মিজানের কাছে জানতে ফোন দেয়া হয়। তিনি প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে উল্টো হুমকি প্রদান করেন। গতকালের বৈদ্যুতিক তার চুরির বিষয়ে চোরদের ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওই তিন চোর ক্ষিপ্ত হয়।
ক্ষিপ্ত হয়ে ইমামের ওপর বর্বরোচিত হামলা চালায়। পরে মসজিদ কমিটির সদস্য ও ইমাম চন্দ্রিমা থানায় অভিযোগ করলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে ওই তিন চোরকে গ্রেফতার করা হয়। পরে চোরের স্বজনেরা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিলে গ্রেফতারকৃত চোরদের ছেড়ে দেয়া হয়।
