চারঘাটে ১৪ মণ ভেজাল গুড়সহ একজন আটক
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে ১৪ মণ ভেজাল গুড়সহ বাবু আহমেদ (২৫) নামো এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার মেরামাতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বাবু আহমেদ (২৫) ওই গ্রামের শুকচাঁন আলীর ছেলে। পুলিশ জানায়, মেরামাতপুর গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন বাবু আহমেদসহ কয়েকজন ব্যক্তি। তারা চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।
গোপনে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড়সহ বাবু আহমেদকে আটক করা হয়। তবে কয়েকজন গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১৪ মণ ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ১৪ মণ ভেজাল গুড়সহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভেজাল বিরোধী আইনে মামলা দায়ের করা হবে।
