বাগমারার ৭৫ কেজি ওজনের কষ্টিপাথরের পিলার বরেন্দ্র মিউজিয়ামে হন্তান্তর
মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় উদ্ধার হওয়া কষ্টিপাথরের পিলার রাজশাহী বরেন্দ্র রিসোর্স মিউজিয়ামে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার দুপুরে বাগমারা থানা থেকে এটি হস্তান্তর করা হয়। গত ১ মার্চ উপজেলার যোগীপাড়া ইউনিয়নের মুনছুর রহমানের ছেলে রহিদুল ইসলামের বাড়ির আঙ্গিনায় পাওয়া যায় কষ্টিপাথরের ওই পিলারটি। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে কষ্টিপাথরের পিলারটি উদ্ধার করে। পিলারটির ওজন ৭৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
পিলারটিতে বিভিন্ন প্রকার নকশা আঁকা রয়েছে। পিলারটি উদ্ধারের পর বাগমারা থানার পক্ষ থেকে রাজশাহীর মহামান্য আদালতে আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে কষ্টিপাথরের পিলারটি রাজশাহী বরেন্দ্র রিসোর্স মিউজিয়ামে হস্তান্তরের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে বাগমারা থানা থেকে কষ্টিপাথরের পিলারটি গ্রহণ করতে আসেন রাজশাহী বরেন্দ্র রিসোর্স মিউজিয়ামের পুরাকৃত্তি উপপ্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস সহ কর্মকর্তাগণ।
