শাহ্ মখদুম থানা আ’লীগের সভাপতি আলম সম্পাদক শাহু
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের করেন প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন ও অন্যান্য অতিথিবৃন্দ।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শাহ মখদুম থানা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি পদে সৈয়দ আখতারুল আলম ও সাধারণ সম্পাদক পদে শাহাদত হোসেন শাহুকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
