এখনো বন্ধ হয়নি বাগমারার মাঝিগ্রামের সেই পুকুরের মাটি বিক্রি, ভোগান্তি চরমে
মচমইল থেকে সংবাদদাতা : এখনো বন্ধ হয়নি বাগমারার মাঝিগ্রামে সেই পুকুরের মাটি বিক্রি। মাটি বিক্রির ফলে ওই রাস্তায় চলাচল কষ্টকর হয়ে পড়েছে। সংস্কারের নামে দিব্যি মাটি বিক্রয় করা হচ্ছে। এতে রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে পড়েছে। প্রশাসনকে অবহিত করলেও হচ্ছে না এর প্রতিকার। ওই সকল রাস্তা দিয়ে চলচল করতে গেলে নষ্ট হচ্ছে পোশাক পরিচ্ছেদ। গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গনিপুর ইউনিয়নের মাঝিগ্রামে রাস্তা ঘেঁষে একটি পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির ধুম।
ট্রাক্টরে করে মাটি পরিবহনের ফলে মাটি ছিটকে পড়ছে রাস্তায়। সেই সাথে রাস্তার ইট উঠে নষ্ট হয়ে গেছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ওই মাটিগুলো ধুলাবালিতে পরিনত হয়েছে। মাটি নিয়ে বারবার ট্রাক্টর চলাচলের কারনে ওই রাস্তায় ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে পড়েছে। দূরত্ব অনুযায়ী ৭০০-১২০০ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি ট্রাক্টর মাটি।
মাটি বিক্রয়ে লাভবান হওয়ার কারনে বিভিন্ন মহল ম্যানেজ করে মাটি বিক্রয় করে চলেছেন ইলিয়াস নামের ওই পুকুর মালিক। মাটি বিক্রয়ের বিষয়ে কথা বলতে গেলে এর আগে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন পুকুর মালিক। সেই সাথে কিছু করার থাকলে সেটা করতে বলেছিলেন। এদিকে প্রভাবশালী হওয়ার কারনে সাধারণ লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না। অদৃশ্য কারণে প্রশাসনও নীরব ভূমিকা পালন করছেন। প্রশাসনের এমন নীরবতায় লোকজনের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অবৈধ ভাবে মাটি বিক্রয় করার কারনে রাস্তা দিয়ে চলাচল অনেক কষ্ট কর হয়ে পড়েছে।
এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দ্রুত পুকুরের মাটি বিক্রয় বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার লোকজন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, রাস্তা নষ্ট করে মাটি বিক্রয় করার কোন সুযোগ নেই। পুকুর সংস্কারের নামে কোন মাটি বিত্রুয় করা যাবে না। যারা এ কাজ করছে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
