২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্ত্রীকে বিয়ে করতে বলে আত্মহত্যা

প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ৮:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
স্ত্রীকে বিয়ে করতে বলে আত্মহত্যা
বিজ্ঞাপন

এফএনএস : স্ত্রীকে দ্রুত বিয়ের নির্দেশ দিয়ে নিজের কর্মস্থলে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে একটি কারখানার মহাব্যবস্থাপক। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাইফুর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। প্রায় এক মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি। পুলিশ জানায়, কারখানার শ্রমিকদের খবরের ভিত্তিতে ওই কারখানার একটি কক্ষের দরজা ভেঙে সাইফুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ সময় মরদেহের পাশে পাওয়া যায় একটি চিরকুট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। চিরকুটে তিনি লেখেন, ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক।

যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন তার কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’ স্ত্রীর উদ্দেশ্যে সাইফুর লেখেন, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’ আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মৃতের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন