প্রতিটি মাদ্রাসায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবি
এফএনএস : দেশের প্রতিটি মাদ্রাসায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করার দাবি করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। গতকাল রোববার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এমন দাবি জানায় সংগঠনটি। এ সময় বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, বিজয়ের পঞ্চাশ বছরে দাঁড়িয়েও বিএনপি-জামায়াত-রাজাকারের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র থেকে জাঁতি বের হতে পারেনি।
এখনো সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করা হয়। ৭৫ পরবর্তী ইতিহাস বিকৃতির শিকার দেশের একটি জেনারেশন। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানখ্যাত মাদ্রাসাগুলো জাতীয় সংগীতের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাসও অলিখিতভাবে একপ্রকার নিষিদ্ধ করেছে। অন্যদিকে মুসলিম জাতির পিতা আর বাঙালি জাতির পিতাকে এক করে মিথ্যাচার-ষড়যন্ত্রের বাণী মন-মগজে প্রতিস্থাপন করা হচ্ছে। সে কারণে মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত চর্চা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা উচিত।
সঠিক তথ্যনির্ভর ভবিষ্যত জাঁতি গঠনে প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রতিটি মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন ও বাস্তবায়ন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাশিদা হক, মিজানুর রহমান, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইমরাম খান, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম, সাইকুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল রহমান ইমনসহ সংগঠনের নেতাকর্মী।
