১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ‘বাকাসস’ কর্মচারীদের কর্মবিরতিতে জনভোগান্তি চরমে

প্রকাশিত: ২ মার্চ ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ‘বাকাসস’ কর্মচারীদের কর্মবিরতিতে জনভোগান্তি চরমে
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : নিজেদের দাবী বাস্তবায়ন না হওয়ায় পূর্ণ দিবস কর্ম বিরতি পালন শুরু করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যবৃন্দ। সারা দেশের ন্যায় বাগমারায় বাকাসস শাখার আয়োজনে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছেন। গত ২৪ জানুয়ারি ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রনালয় হতে পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে এই কর্মসূচী পালন শুরু করেন তারা।

প্রায় ২০ বছর ধরে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলেন। তাদের সেই দাবি প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কর্তৃক তা অনুমোদিত হয়। অনুমোদনের এক বছর পার হলেও এখনও অর্থমন্ত্রণালয় সেটার বাস্তবায়ন করেননি। অর্থমন্ত্রণালয়ের সম্মতির দাবিতে ১ মার্চ থেকে ২৪ মার্চ পূর্ণ দিবস কর্ম বিরতি পালনের ডাক দিয়েছেন ‘বাকাসস’। দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল প্রকার দপ্তরিক কর্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ভূমি অফিসে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালনের ফলে প্রথম দিন থেকেই শুরু হয়েছে জনভোগান্তি। কোন অফিসেই পাওয়া যাচ্ছে না সরকারী কোন সেবা।

এর ফলে দেশের সামগ্রিক উন্নয়নে স্থবিরতা মেনে আসবে। হাট ইজারা, টিসিবির সুবিধাভুগী নির্বাচন সহ বিভিন্ন প্রকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রনালয় হতে পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির বাস্তবায়ন জরুরী। উপজেলা বাকাসস এর সদস্যরা জানান, সরকার যেখানে ৩য় এবং ৪র্থ শ্রেণীর দাবি মেনে নিয়ে সেটার অনুমোদন দিয়েছেন সেখানে অর্থমন্ত্রণালয় কেন দীর্ঘ সময়েও তা বাস্তবায়ন করছেন না। দাবি বাস্তবায়ন করা হলে কর্মসূচী প্রত্যাহার করা হবে। এদিকে হঠাৎ করে কর্মচারীদের পূর্ণ দিবস কর্ম বিরতির ফলে সেবা গ্রহীতারা পড়েন বিড়ম্বনায়। পূর্ব কোন ঘোষণা প্রদান না করেই এমন কর্ম বিরতি দেয়া ঠিক হয়নি বলে জানান হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

তিনি আরো বলেন, অর্থমন্ত্রাণালয় তো সরকারের বাহিরে না। দ্রুত সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিও করেন তিনি। আরেক সেবা প্রত্যাশী কোন্দা গ্রামের শামীম আল মামুন বলেন, আমি অনেক দূর থেকে উপজেলা পরিষদে এসে দেখি কোন কাজ হবে না। উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে ব্যানার টাঙ্গিয়ে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছেন ৩য় ও ৪ র্থ শ্রেণীর কর্মচারীরা। নিরুপায় হয়ে বাড়ি চলে যেতে হচ্ছে। জনভোগান্তি রোধে যতো দ্রুত সম্ভব তাদের দাবি মেনে নেয়া হোক। এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা যে নিদের্শনা প্রদান করবেন সে ভাবে চালানো হবে। কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির কারনে সাময়িক বন্ধ রয়েছে দপ্তরিক কার্যক্রম। এটা দ্রুত সমাধান হয়ে যাবে বলেন জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন