পানির মূল্যবৃদ্ধি নিয়ে চলমান আন্দোলনকে এমপি বাদশার সমর্থন
প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি ওয়াসা কর্তৃক পানির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে সামাজিক ও রাজনৈতিকভাবে গড়ে উঠা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর হড়গ্রাম এলাকায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বাদশা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও ওয়াসাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রুপ দেওয়ার চেষ্টা চলছে। খোড়া কৌশল অবলম্বন করে জনগনের সেবা নিশ্চিত করার পরিবর্তে তারা লাভ-লোকশানের হিসেব কশছে। এমনটি আশা করি না। এটি পুরোপুরি অযৌক্তিক। বাদশা বলেন, সবার আগে জনগণকে সুপেয় পানি সরবরাহ করা ওয়াসার মূল দায়িত্ব। এটি পালনে তারা ব্যর্থ হলে সে দায় তাদেরই। অধিক মূল পরিশোধের মাধ্যমে জনগণ তাদের লোকশানের দায়িত্ব নিতে পারে না। আমরা ওয়াসাকে দানব হিসেবে দেখতে চাইনা, সেবামূলক বিনয়ী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।
সংবাদ সম্মেলনে পানির দাম বাড়ানোয় চলমান বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দেন দেশের বর্ষিয়ান এই রাজনীতিক। তিনি বলেন, রাজশাহীর মানুষ বরাবরই সংগ্রামী। আমরা লড়াইয়ের মাধ্যমে অধিকার ছিনিয়ে আনতে জানি। পানির অযৌক্তিক মূলবৃদ্ধির ক্ষেত্রেও সেটির ব্যত্যয় ঘটেনি। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
