গোদাগাড়ী সীমান্ত থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার এক
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় অর্ধকোটি টাকার সাতটি স্বর্ণের বারসহ মোক্তার হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রাণীনগর বকচরে।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সুরুজ মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, উদ্ধার করা সাতটি স্বর্ণের বারের ওজন ৭০ ভরি। আনুমানিক মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা। এগুলো সরকারি কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। আর গ্রেফতার চোরাকারবারি মোক্তার হোসেনকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে একটি মামলাও করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
