চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ নামে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিলন সিংহ ভারতের মালদা জেলার বৈষ্টম নগর থানার সুখদেবপুর এলাকার মৃত. রতন সিংহের ছেলে। মামলার বিবরণে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান,‘ ২০১৮ সালের ৩১ জানুয়ারী জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কাপিরা টোলা এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি বিদেশী পিস্তুল ও ৪৭ রাউন্ডগুলিসহ আসামী মিলন সিংহকে গ্রেপ্তার করে র্যাব।
আসামী ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিনা লাইসেন্সে অবৈধ এসব অস্ত্র নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তে অবস্থান করায় পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার। পরে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান ও শিবগঞ্জ থানার এসআই বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলন সিংহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদী শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে আজ এই রায় প্রদান করেন। এই মামলার আসামী পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা।