বাগমারায় বিষ প্রয়োগে মাছ নিধন মামলার আসামী গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় নিমাই বিলে বিষ মাছ নিধন মামলায় মাসুদ রানা কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাসুদ রানার বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে। সে আবুল কাসেমের ছেলে।
সম্প্রতি আউচপাড়া ইউনিয়নের নিমাই বিলে চাষকৃত মাছে বিষ প্রয়োগ করে প্রায় ১ কোটি টাকার মাছ নিধন করে। মাছ নিধনের ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি রাতে নিমাই বিলের সদস্য বাচ্চু রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
ওই মামলায় সোমবার সন্ধ্যায় মুগাইপাড়া বাজার থেকে মাসুদ রানা কবিরাজকে গ্রেপ্তার করেন বাগমারা থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন। গ্রেপ্তারকৃত মাসুদ রানা কবিরাজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরআগে চাঁদাবাজি মামলায় কিছুদিন পূর্বে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ রানা। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
