২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো জীবিত নবজাতক!

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো জীবিত নবজাতক!
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতককে (কন্যাশিশু) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শাহা আলম। এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ময়লার স্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটিকে উদ্ধার করেন এসআই মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ময়লার স্তূপে জীবিত অবস্থায় শিশুটি পড়েছিল। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য নবজাতক ওয়ার্ডে ভর্তি করায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে। স্থানীয় আমজাদ হোসেন বলেন, সকালে ময়লার স্তূপে শিশুর কান্না শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নেওয়াজ মোরশেদ জানান, শিশুটির চিকিৎসা চলছে। বাচ্চাটি এখন সুস্থ আছে। সদর থানার ওসি শাহা আলম জানান, উদ্ধার নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন