রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার পেলো ৫০ কর্মহীন মুচি পরিবার
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা মুচি সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে নগরীর ৫০ জন মুচি সম্প্রদায়ের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
উল্লেখ্য, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল দশ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, লবন এক কেজি, চিনি এক কেজি, চিড়া দুই কেজি, নুডুলস পাঁচশত গ্ৰামসহ অন্যান্য খাদ্য সামগ্রী। নগরীর বিভিন্নস্থানের ৫০ জন মুচি পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, যুগ যুগ ধরে আমাদের পায়ের জুতা সৌন্দর্যবর্ধক করণ, মেরামত ও তৈরি করার কাজে নিয়োজিত আছে মুচি সম্প্রদায়।
করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়ায় মুচি পরিবার অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে। সমাজের পিছিয়ে পড়া মুচি সম্প্রদায়ের কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন দেশে একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
