হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের বিষয়ে কারণ দর্শানো নোটিশ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী (নৈশ প্রহরী) নিয়োগের প্রক্রিয়া নিয়ে মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রতি আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। গত ৩ ফেব্রয়ারী জেলা রাজশাহীর দুর্গাপুর সহকারী জজ আদালত থেকে এই আদেশ দেয়া হয়। নোটিশে হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিসুর রহমান, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৬ জন বিবাদীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী (নৈশ প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২০ জন প্রার্থী আবেদন করেন। গত ২১/০১/২০২২ তারিখে ২ নং বিবাদী পত্রের মাধ্যমে ২৯/০১/২০২২ তারিখে সাক্ষাতকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য ইন্টারভিউ কার্ড প্রদান করেন। কিন্তু মামলার বাদি মোঃ রাজনসহ অন্যরা ২৯/০১/২০২২ তারিখে স্কুলে উপস্থিত হলে বিবাদীগণ জানান যে, আজ সাক্ষাতকার গ্রহণ সম্ভব নয়। এতে বিবাদীসহ উপস্থিত প্রার্থীরা হতাশ হন।
তাদের অভিযোগ বিবাদীরা অর্থের বিনিময়ে গোপনে পছন্দের লোক নিয়োগ দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় মোঃ রাজন দিং আদালতে মামলা করেন। উক্ত মামলার প্রেক্ষিতে আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এদিকে জানা যায়, আদালতের কারণ দর্শানো নোটিশের জবাব উপেক্ষা করে আজ ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় উক্ত চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগে সাক্ষাৎকার বোর্ডের আয়োজন করা হয়েছে। এ জন্য প্রধান শিক্ষক স্বাক্ষরিত ইন্টারভিউ কার্ড ইসূ করা হয়েছে।
