বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

পুঠিয়ায় শ্রমিক নেতা নুরুল হত্যা জামিন হয়নি সাবেক ওসি সাকিলের

Paris
Update : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে জামিন দেননি হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রোববার এ মামলায় তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ সময় আদালত তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শামীম আক্তারকে বলেন, আপনারা যা ইচ্ছে তাই করবেন, সেটা মেনে নেওয়া যায় না।

এর আগে পিবিআইয়ের ইন্সপেক্টর শামীম আক্তারকে তলব করেছিলেন হাইকোর্ট। নির্দেশনানুযায়ী আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন তিনি। কিন্তু হাইকোর্ট তার ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন। পরে আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেন। ২০১৯ সালের ১০ জুনে নিখোঁজ হন পুঠিয়ার সড়ক ও পরিবহন মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। পরদিন সকালে পুঠিয়ার একটি ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নির্বাচনের ফলকে কেন্দ্র করে তিনি হত্যার শিকার হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নিগার সুলতানা আটজনের নামোল্লেখ করে পুঠিয়া থানায় এজাহার দাখিল করেন।

কিন্তু সেই এজাহারটি লিপিবদ্ধ না করে থানার তৎকালীন ওসি সাকিল উদ্দিন আহমেদ ছিঁড়ে ফেলেন। পরে সাদা কাগজে বাদীর সই রেখে নিজেরাই একটা এজাহার লিখেন। যা পরে হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারিক অনুসন্ধান কমিটির তদন্তে বেরিয়ে আসে। একই সঙ্গে ২০১৯ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। সে আদেশ অনুসারে তদন্ত শুরু করে পিবিআই। এর আগে নুরুল ইসলামের মেয়ের করা রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ১ ডিসেম্বর মামলার এজাহার বদলে দেওয়ার অভিযোগের ঘটনায় রায় দেন হাইকোর্ট।

রায়ে আদালত আশা প্রকাশ করে বলেন, পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার তদন্ত তদারকিতে বিশেষ ভূমিকা রাখবেন। বর্তমান তদন্তকারী কর্মকর্তা বা সংস্থাকে অবিলম্বে কেস ডকেট (নথি) পিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হলো। পিবিআইকে তদন্তকালে মূল এজাহারের বর্ণনা, রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান রিপোর্ট ও অনুসন্ধান কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্য বিবেচনায় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।


আরোও অন্যান্য খবর
Paris