ঝিকরার মেম্বারদের ৪৮ মাস সম্মানী ভাতা বকেয়া!
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ঝিকরা ইউনিয়ন পরিষদের মেম্বারদের সম্মানী ভাতা না পাওয়ায় ঐ ইউনিয়নের ৯ জন মেম্বার বাদি হয়ে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের ইউপি মেম্বাররা দীর্ঘ ৪৮ মাস যাবৎ ইউনিয়ন পরিষদের অংশের ভাতা পাননি। ঠিকমত গৃহ ট্যাংস্ক আদায় করা হলেও ইউপি মেম্বারদের পরিষদের অংশের ভাতা প্রদান করেননি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার। ভাতা না পাওয়ায় মেম্বাররা চরমভাবে অর্থ সংকটের মধ্যে জীবন যাপন করছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যথেষ্ট পরিমান পরিষদের নিজস্ব আয় না থাকায় মেম্বারদের পরিষদের অংশের সম্মানী ভাতার টাকা প্রদান করা যায়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
