১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ব্যালট বাক্স ছিনতাই ঘটনার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২, ৪:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে ব্যালট বাক্স  ছিনতাই ঘটনার প্রধান আসামি গ্রেফতার
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই ঘটনার প্রধান আসামি আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ। আসামি আফাজ উদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বামনদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই ব্যালট উদ্ধার করে ওই কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর ওই ভোট কেন্দ্রের পাশের পুকুুর থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়। এই ঘটনায় গত ২৯ ডিসেম্বর ওই ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনের নেতৃত্বে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে হামলা চালিয়ে ব্যালট পেপারসহ ব্যালট বাক্স ছিনতাই করেছে মর্মে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন