বাগমারায় পরোয়ানাভুক্ত আসামী, চোলাইমদসহ পাঁচ জন গ্রেফতার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাইমদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গনিপুর ইউনিয়নের চকহায়াতপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে কামাল হোসেন (৩৫), একই ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামের লোকমান আলীর ছেলে আবু হাসান (৩২) একই গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহীন (২৭) এবং আক্তার হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৬)। তারা সবাই একটি সিএনজিতে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বাগমারা গ্রামের আতাউর রহমানের চা স্টলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১৩ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অপরদিকে রাতে উপজেলার রুহিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী সুজন আশিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
