পুঠিয়ায় পুকুর খননের অভিযোগে দুই জনের লাখ টাকা জরিমানা
এফএনএস : রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে দুইজনকে আটক করেন থানা পুলিশ। পরে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, ফসলি জমিতে পুকুর খনন করার অভিযোগে গত শনিবার বিকেলে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কাস্তর বিলে অভিযান চালায় পুলিশ। সে সময় ভ্যাকু মেশিন দিয়ে পুকুর খনন করাছিল আব্দুলা ও জাহিদ হাসান নামের দুইজন ব্যাক্তি।
ঘটনাস্থল থেকে তাদের আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এ এলাকার কোথাও ফসলের জমিতে পুকুর খনন করতে দেয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদেরকে সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে।
