১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজ ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজ ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজ প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ করেছে গত মঙ্গলবার। তবে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আজও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলতি অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা। কলেজ সূত্রে জানা যায়, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার মাঝামাঝি ভায়ালক্ষীপুর ইউনিয়ন। এ ইউনিয়নে শিক্ষার প্রসারে এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল এ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার। সে লক্ষ্যে ২০০২ সালের ১১ জানুয়ারি প্রস্তাবিত ‘ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজ’ নামে কলেজটির যাত্রা শুরু হয়।

শর্তপূরণ সাপেক্ষে ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠার পরপরই পায় প্রাথমিক অনুমতি পায়। এরপর ২০০৪ সালে লাভ করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এদিকে ২০২২ সালের ১১ জানুয়ারি কলেজটি প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি হলেও কলেজটি আজও এমপিওভুক্ত হয়নি। এ কলেজে ৪০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষকেরা বেতন-ভাতা না পেলেও দায়িত্ব নিয়ে পাঠদান করে যাচ্ছেন। ফলে প্রতিবছরই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জাতীয় পর্যায়ে পাসের হারের দিক দিয়ে এগিয়ে আছে। প্রথম থেকেই প্রতিবছর শিক্ষার্থী ভর্তি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ রয়েছে সন্তোষজনক।

তা ছাড়া পাসের হার প্রায় ৮০ ভাগ থাকা সত্ত্বেও কলেজটি আজও এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ২০০৩ সালে প্রথম বছরেই পৌনে দুই শতাধিক ছাত্রী ভর্তি হয় এ কলেজে। ২০০৫ সাল থেকে কলেজের শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়। কলেজটিতে বর্তমানে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা চালু রয়েছে। সর্বশেষ একটি একাডেমিক বিল্ডিং প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই ও সব প্রকারের আনুষ্ঠানিকতা শেষ হলেও অজ্ঞাত কারণে আজও তা বাস্তবায়ন হয়নি।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিঠু রানা বলেন, কলেজ প্রতিষ্ঠিত হবার পরে প্রায় ৪০ জন শিক্ষক-কর্মচারী ২০ বছর ধরে বিনে পয়সায় শ্রম দিচ্ছে।

এ কলেজ পাশ করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকুরি করছে। অথচ এখানকার শিক্ষকরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নিম্ন মানের প্রতিষ্ঠানগুলো এমপিও পেয়েছে কিন্তু এ কলেজ পায়নি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুল হক বলেন, চলতি অর্থবছরে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবেদন সম্পন্ন করেছে। আমাদের সর্বশেষ আশা এমপিওভুক্তির জন্য সব বাধা অতিক্রম করে এবার কলেজটি এমপিওভুক্ত হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, ভায়ালক্ষীপুর বুদিরহাট কলেজের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবত বিনা বেতনে পাঠদান করছেন। এমপিওর নিয়ম নীতিমালা মধ্যে বিবেচনা করে কলেজটি এমপিওভুক্ত করার দাবি জানাই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন