রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট দেখে বরের পাশে বসল কনের ভাবি!

Paris
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

এফএনএস : দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বরকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার। দণ্ডপ্রাপ্ত কাজি রেহান রেজা উপজেলার চেংমারী গ্রামের হুমায়ুন রেজার ছেলে। বর রুবেল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে ষষ্ঠ শ্রেণি ছাত্রীর সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে বরযাত্রী আসে। বিয়ের আসরে উপস্থিত বর। কনেও হাজির। দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করতে কাজি রেহান রেজা খসড়া লেখা শেষ করেছিলেন আগেই। এদিকে চলছিল বরযাত্রীদের খাওয়া-দাওয়া। হঠাৎ করে পুলিশসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পাশে কনে সেজে বসে পড়েন মেয়ের ভাবি। দৌড়ে পালানোর চেষ্টা করেন কাজি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। ইউএনও পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিয়ে পড়াতে আসায় কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে রুবেল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বাবাকেও সতর্ক করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris