এফএনএস : কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে পঞ্চম জনও মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল আলমএই তথ্য জানিয়েছেন। গত ২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন সাদিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার দরিদ্র চা বিক্রেতা সোহেল রানার স্ত্রী।
জন্মের পরদিন একে একে চার শিশুর মৃত্যু হয়। এরপর গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে আরও এক শিশু মারা যায়। সর্বশেষ শিশুটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নাজিম উদ্দিন বলেন, বাচ্চাগুলোর ওজন কম ছিল। তাদের রাখার জন্য হাসপাতালে সে রকমের আইসিইউ সাপোর্ট নেই। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া দরকার ছিল।
তাদের বাবার আর্থিক সমস্যা ছিল। তাই এখানে রেখেই চিকিৎসা দিতে চান তিনি। সোহেল রানা বলেন, পাঁচ সন্তান জন্মের পরপরই চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে নিতে পারিনি। সর্বশেষ বাচ্চাটিও আজ (গতকাল মঙ্গলবার) আমাদের ছেড়ে চলে গেলো।