চারঘাটে আত্মহত্যার প্রবণতা বাড়ছে

Paris
Update : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

চারঘাট প্রতিনিধি : চারঘাট উপজেলায় দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষ। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরাও। সর্বশেষ গত ৮ অক্টোবর প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামে এক স্কুল পড়ুয়া কিশোর কিটনাশক পান করে আত্নহত্যা করেছে। পারভেজ রানা চারঘাট উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করতো ঐ কিশোর। ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বার বার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেম ঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবত হতাশায় ভুগছিল।

শুধু পারভেজ রানা নয় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও পুলিশের তথ্য বলছে, গত দুই মাসে ১২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসময়ে আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ৩২ জন। হঠাৎ করে এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল। তাঁদের মতে, মনস্তাত্তিক চাপ, অভাব-অনটন, দুঃখ-কষ্ট, লাঞ্ছনা এবং অপমান জনিত কারণেও দুর্বল চিত্তের ব্যক্তিরা আত্মহননের মধ্য দিয়ে মুক্তি খোঁজে। কিন্তু ১৫ থেকে ২৫ বছর বয়স্ক ছেলে-মেয়েদের বিষয়টা সম্পুর্ণ ভিন্ন। তাদের আত্মহত্যার চেষ্টায় উদ্বিগ্ন হচ্ছেন অভিভাবক মহল।

সরেজমিন পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিষন্নতা, শিক্ষাজীবন নিয়ে হতাশা, বন্ধুত্ব সম্পর্কের মধ্যে টানাপোড়েন এবং চাকরি নিয়ে অনিশ্চয়তা-সহ প্রনয় ঘটিত ব্যার্থতার কারণে তাঁরা বিষপানে আত্মহননের চেষ্টা চালিয়েছেন।
চারঘাটে নারী ও কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে বেসরকারী এনজিও এনডিপি। এনডিপির সোসাল সাপোর্ট কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, চারঘাটে আত্নহত্যা চেষ্টার প্রবণতা বাড়ছে। অধিকাংশ তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনা আবেগতাড়িত। হতাশা, প্রেমে ব্যর্থ, পরীক্ষার ফল খারাপ, বাবা মায়ের সঙ্গে ঝগড়াসহ ছোটখাটো বিষয়েই আবেগতাড়িত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন।

এ দিক থেকে নারীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। এর পেছনে রয়েছে আমাদের আর্থ সামাজিক অবস্থা, বাল্য বিবাহ, নির্যাতন, ইভটিজিং, যৌতুক, সমভ্রমহানি, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি। সার্বিক বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনা শুধু চারঘাটে নয়, এটি সারা দেশব্যাপী সংক্রমনে পরিনত হয়েছে। দিন দিন এর ব্যাপকতা বাড়ছে। নানা কারণে একজন মানুষের মধ্যে বিষন্নতা সৃষ্টি হতে পারে। এর মধ্যে পারিবারিক কলহের কারণে সবচেয়ে বেশি মানুষ বিষন্নতা, একাকিত্ব কিংবা মানসিক রোগে আক্রান্ত হন। তিনি আত্মহত্যার চেষ্টা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিবার-পরিজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris