এফএনএস : কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জেরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩৫ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার ঘটনার পর থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তাঁদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় নগরের নানুয়ার দিঘি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন। পরিদর্শন শেষে ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, যিনি বা যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের খুঁজে বের করা হবে। সব ধর্মের অনুসারীদের শান্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
নানুয়ার দিঘিতে পবিত্র কোরআন অবমাননার জেরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলার প্রতিটি পূজামণ্ডপে আর্মড পুলিশ দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পূজামণ্ডপে কে বা কারা পবিত্র কোরআন রেখে এসেছেন, সেটি খোঁজার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ৩৫ জনকে আটক করা হয়েছে। তবে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনার তদন্ত চলছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় কাত্যায়নী কালীমন্দির, মনোহরপুর রাজেশ্বরী কালীমন্দির, ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ঘুরে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। অন্য বছরগুলোর তুলনায় শারদীয় দুর্গাপূজার নবমীর দিনে তেমন কোনো উৎসবের আমেজ দেখা যায়নি। বিক্ষিপ্তভাবে পূজামণ্ডপগুলোতে দু-তিনজন করে আসতে দেখা গেছে।