এফএনএস : স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা থেকে বার্লিনের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। প্রেস সচিব জানান, বার্লিনের চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। রাষ্ট্রপতি হওয়ার পর বেশ কয়েক বার লন্ডনে তিনি চিকিৎসা নিয়েছেন। করোনাভাইরাস মহামারী শুরুর পর গত বছর স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি।