এফএনএস : নেত্রকোনার মদনে মিথ্যা মামলা করায় নীলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নীলিমা আক্তার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে একই গ্রামের চারজনকে আসামি করে ২০২১ সালের ১৭ জুন দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন নীলিমা আক্তার।
তবে মামলার তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। ২৭ জুন আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন ফরাজী। পরে আদালত বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বাদীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।