এফএনএস : আফগানিস্তানে মেয়েদের ফেরার অনুমতি দেবে তালেবান। তবে এর জন্য তাদের অপেক্ষা করতে হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার সকল পদ পূর্ণ করার পর দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা সকল বিষয় চূড়ান্ত করছি। এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ফেরাতে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।
এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হাইস্কুলের সকল ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকরে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছিলেন। নারীদের স্কুলে ফেরার কোনো ঘোষণা না দেওয়ায় বিভিন্ন মহল সমালোচনা শুরু করে। তাদের আশঙ্কা ছিল- তালেবান হয়তো তাদের ১৯৯৬-২০০১ সালের শাসনকালের মতো নারীদের স্কুলে ফেরার অনুমতি দেবে না। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার ঘোষণা আসছে বলে জানালো সংগঠনটি।